স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন কিংবা উরুগুয়ের মতো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের মুখোমুখি হওয়ার প্রত্যাশা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু মাঠের লড়াইয়ে সব হিসাব পাল্টে দিয়ে এখন বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে কেপ ভার্দে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
ড্রয়ের সময় ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের ভিড়ে কেপ ভার্দে কতটা শক্তিশালী হয়ে উঠবে, তা কারো ভাবনায় ছিল না। কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করে তারা রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে চমক দেখিয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল স্বীকার করেছেন যে, ড্রয়ের সময় তারা কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে মোটেও ভাবেননি।
ডি পল বলেন, ‘যখন ড্র হলো, তখন আমরা ভেবেছিলাম শেষ ৩২-এ হয়তো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে, যাদের দলে ইউরোপের বড় লিগে খেলা অনেক ফুটবলার আছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।’ তবে এখন কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা গ্রুপ পর্বে প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে দারুণ খেলেছে। তাই আমাদের খুব দায়িত্বশীল থাকতে হবে।’
নকআউট পর্বের ম্যাচের চাপ ও আবেগ সবসময়ই আলাদা—এমনটি উল্লেখ করে ডি পল আরও বলেন, ‘অভিজ্ঞতা থেকে আমরা জানি কীভাবে এসব পরিস্থিতি সামলাতে হয়। তবে আমরা আবেগকে সম্মান করি, কারণ এমন ম্যাচে সেটাই সবচেয়ে বড় পরীক্ষা।’ প্রথমবার বিশ্বকাপে খেলা কেপ ভার্দে সম্পর্কে সতর্ক থাকলেও বড় ম্যাচের অভিজ্ঞতা ও নিজেদের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখছে লিওনেল স্কালোনির শিষ্যরা।










