স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায় বিশ্বফুটবল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ‘অ্যাটলাস লায়ন’ খ্যাত মরক্কো। তবে এই হাইভোল্টেজ ম্যাচটি কেবল তিন পয়েন্টের লড়াই নয়, এটি মূলত দুটি অজেয় রেকর্ডের মুখোমুখি সংঘাত। একদিকে রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে দীর্ঘ ৯২ বছর ধরে অপরাজিত থাকার ব্রাজিলিয়ান দুর্গ, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৯ ম্যাচে হার না মানা মরক্কোর অপরাজেয় প্রাচীর।
গত মার্চে সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর মরক্কো জাতীয় দলের হাল ধরেন নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। তার অধীনেও দলটি তাদের ইতিহাসের সেরা ছন্দ ধরে রেখেছে, যেখানে আন্তর্জাতিক ফুটবলে শেষ টানা ২৯টি ম্যাচে কেউ তাদের হারাতে পারেনি। অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিল হেরেছে মাত্র দুবার—১৯৩০ ও ১৯৩৪ সালে। এরপর থেকে দীর্ঘ ৯২ বছর এবং টানা ২০টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা কখনো হারের মুখ দেখেনি। তবে দুর্দান্ত ফর্মে থাকা এই মরক্কো কিন্তু ইতোমধ্যেই ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে। ২০২৩ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা সেলেসাওদের ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। এছাড়া কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো পরাশক্তিদের বিদায় করে দেওয়া মরক্কো বড় দলগুলোকে ভড়কে দিতে বেশ ওস্তাদ। ফলে কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে গড়া ব্রাজিলের জন্য আজকের লড়াইটা মোটেও সহজ হবে না।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রই হচ্ছেন ব্রাজিলের আক্রমণের মূল ভরসা। কিন্তু উইং দিয়ে তার গতি সচল রাখার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন পিএসজির বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমি। আজ মেটলাইফ স্টেডিয়ামে কি মরক্কোর ২৯ ম্যাচের অপরাজেয় রথ থামবে, নাকি চূর্ণ হবে ব্রাজিলের ৯২ বছরের পুরোনো অহংকার? নাকি ম্যাচটি ড্র হয়ে দুই দলের রেকর্ডই অক্ষত থাকবে? সব হিসাব-নিকাশের উত্তর মিলবে মাঠের বাঁশি বাজার পরই।










